মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর থেকে ঢাকা যাওয়ার পথে ট্রাকচাপায় মাদারীপুর জেলা আদালতের জিপি -সরকারি কৌসুলি- অ্যাডভোকেট জাকির হোসেন লোকমান -৫৮- নিহত হয়েছেন।
শনিবার -১০ আগস্ট- দুপুরে এক্সপ্রেসওয়ের শিবচরের নিমতলীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন লোকমান মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের আব্দুল মান্নান উকিলের ছেলে। তিনি মাদারীপুর জেলা আদালতের সরকারি আইন কর্মকর্তা -জিপি বা সরকারি কৌসুলি- হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়- শনিবার দুপুরে নিজবাড়ি মোটরসাইকেলযোগে রাজধানী ঢাকা যাচ্ছিলেন অ্যাডভোকেট জাকির হোসেন লোকমান। মাঝপথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে শিবচরের নিমতলী এলাকায় সড়কের পাশে মোটরসাইকেল রেখে যাত্রী ছাউনির দিকে যাওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে লোকমানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাদারীপুর আদালতের পিপি অ্যাডভোকেট আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন- নিহত জাকির হোসেন লোকমান জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ছিলেন।এছাড়া তিনি দ্বিতীয় মেয়াদে সরকারি কৌসুলির দায়িত্বে ছিলেন।

























