
মাহবুবুর রহমান (শান্ত),
শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তাভাবনা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশের লক্ষ্যে রাজধানীর ডেমরায় বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা–২০২৬’।
মঙ্গলবার (১৩ অক্টোবর) শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প ও প্রযুক্তিনির্ভর সৃজনশীল কাজ প্রদর্শন করে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি চিকিৎসক মুহাম্মদ রফিকুল ইসলাম (পিটি)।
প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌস হোসেন রনি বলেন, “বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং নতুন কিছু শেখা, উদ্ভাবন করা এবং প্রযুক্তিকে ইতিবাচক কাজে ব্যবহারের মানসিকতা গড়ে তুলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও সৃজনশীল চর্চার ওপর আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।”
তিনি আরও বলেন, এ ধরনের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, নতুন ধারণা সৃষ্টি এবং উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ তৈরি করে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট, উদ্ভাবনী প্রযুক্তি ও গবেষণাধর্মী প্রদর্শনীর মাধ্যমে নিজেদের মেধা ও সৃজনশীলতা তুলে ধরে। এসব উদ্ভাবনী উদ্যোগ শিক্ষার্থীদের নতুনভাবে চিন্তা করতে এবং বাস্তব সমস্যার সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ শিখতে উৎসাহিত করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান, ডেমরা কলেজের হিতৈষী সদস্য মো. রফিকুল ইসলাম এবং শিক্ষানুরাগী আব্দুল হাই। মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেবেকা সুলতানা।
অনুষ্ঠানের শেষ পর্বে মেলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান অর্জনের পাশাপাশি তা দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সফলভাবে শেষ হয় বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা–২০২৬।


























