
ধর্ম ডেস্ক:
মুসল্লি ও জিয়ারতকারীদের জন্য পবিত্র ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ।
এ উদ্যোগের অংশ হিসেবে প্রতিদিন প্রায় ৫০০টি কার্পেট ধুয়ে নামাজের উপযোগী করে তোলা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো মসজিদে ব্যবহৃত প্রায় ২৫ হাজার কার্পেট নিয়মিতভাবে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বছরে ১ লাখ ৮০ হাজার বারেরও বেশি কার্পেট ধোয়া ও প্রস্তুতির কাজ সম্পন্ন করা হয়, যাতে প্রতিটি কার্পেট সর্বোচ্চ পরিচ্ছন্ন অবস্থায় রাখা যায়।
কার্পেটগুলো ধোয়ার জন্য একটি নির্দিষ্ট ও আধুনিক প্রক্রিয়া অনুসরণ করা হয়। এতে একদিকে যেমন পরিচ্ছন্নতা নিশ্চিত হয়, অন্যদিকে কার্পেটের গুণগত মান ও স্থায়িত্বও বজায় থাকে।
উল্লেখযোগ্য বিষয় হলো, মসজিদে নববী-তে ব্যবহৃত এসব কার্পেট সম্পূর্ণভাবে সৌদি আরবে তৈরি। উন্নত বুননশৈলী ও টেকসই উপাদানের কারণে দীর্ঘদিন ব্যবহারের পরও এগুলো আরামদায়ক থাকে।
মূল মসজিদ ভবন, ছাদ এবং বাইরের প্রাঙ্গণসহ পুরো এলাকায় পরিকল্পিতভাবে কার্পেট বিছানো হয়, যাতে মুসল্লিদের চলাচল ও নামাজ আদায়ে কোনো অসুবিধা না হয়।
কর্তৃপক্ষের মতে, এই নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম শুধু পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশই নিশ্চিত করছে না, বরং বিশ্বজুড়ে আগত মুসল্লিদের জন্য ইবাদতের একটি শান্তিপূর্ণ ও প্রশান্তিময় পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
























