
আবু ছাইম,
বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে রকি (৩২) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে গাক অফিসের সামনে মহাসড়কের ওপর এ নৃশংস ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত রকি গণ্ডগ্রাম এলাকার বেলাল হোসেনের ছেলে। স্থানীয়ভাবে তিনি চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, হামলাকারীরা তাকে হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
শাজাহানপুর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) আবু জাররা জানান, নিহত ব্যক্তি এলাকার চিহ্নিত মাদক কারবারি। হত্যার কারণ এখনো নিশ্চিত নয়, তবে তদন্ত চলছে।
স্থানীয়দের দাবি, বালু ব্যবসা কেন্দ্রিক দলীয় দুই গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
নিহত রকি মাদক ব্যাবসার সাথেও যুক্ত ছিলেন বলে আনেকে জানান।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে
























