
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
চলতি বছরের মধ্যেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে বেতন কাঠামোর বিভিন্ন দিক নিয়ে আরও আলোচনা প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে পে কমিশন নিয়ে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পে কমিশন নিয়ে আলোচনার বিষয়ে আমির খসরু বলেন, কমিশনের অনেকগুলো দিক রয়েছে, সেগুলো বিবেচনা করা হচ্ছে। আজ এ নিয়ে আলোচনা হয়েছে, তবে আরও আলোচনা প্রয়োজন। পরবর্তী সময়ে আবার বৈঠক হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘এ বছরের মধ্যেই নতুন পে স্কেল হবে।’
তবে নতুন পে স্কেল বাস্তবায়নের পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ কী হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পূর্ণাঙ্গ সিদ্ধান্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
এর আগে ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে চেয়ারম্যান করে গঠিত কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়।
কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল।
বর্তমানে ওই সুপারিশ ও পরবর্তী পর্যালোচনার ভিত্তিতে সচিব কমিটির চূড়ান্ত করা খসড়া মন্ত্রিসভায় উপস্থাপনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রিসভায় অনুমোদন মিললে নতুন পে স্কেল ঘোষণার পথ খুলে যাবে।

























