এম জালাল উদ্দীন পাইকগাছা
পাইকগাছায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল, বেহুন্দি, কারেন্ট মশারী, চটজাল, পাই জাল ও টং জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন-২০২৫ অংশ হিসেবে বিভিন্ন নদ-নদীতে পরিচালনা করা হয়েছে।
উপজেলা টাস্কফোর্স কমিটির বাস্তবায়নে মঙ্গলবার সকাল থেকে উপজেলার দেলুটি ও সোলাদানায় প্রবাহিত শিবসা নদীতে অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এসময় ৪টি অবৈধ নেট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত নেট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় বাংলাদেশ নৌ পুলিশ পাইকগাছার সহযোগীতায় অভিযানে নৌ ফাঁড়ি পুলিশের এসআই মো. মোমিনুর রহমান ও ক্ষেত্রসহকারী রণধীর সরকার, মেরিন অফিসার অসিত কুমার সরকার সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
এবিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, জনস্বার্থে মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল, বেহুন্দি, কারেন্ট মশারী, চটজাল, পাই জাল ও টং জাল সহ অন্যান্য অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন -২০২৫ অব্যাহত থাকবে। এছাড়াও তিনি সকলকে সচেতনতার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার প্রতি আহবান জানিয়েছেন।
























