
চঞ্চল,
পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ব্যাগের ব্যবহার নিয়ন্ত্রণে আনতে এবং সোনালী আঁশ পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাটের ব্যাগ বিতরণ করা হচ্ছে।
রোববার (১ মার্চ) সদর উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা জনপ্রতিনিধি ও সাধারণ সেবাগ্রহীতাদের মাঝে এই পরিবেশবান্ধব ব্যাগ তুলে দেওয়া হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস উপস্থিত থেকে রাজপুর, গোকুন্ডা, পঞ্চগ্রাম ও বড়বাড়ী ইউনিয়ন থেকে আসা ইউপি সদস্য এবং উপজেলায় আসা সাধারণ মানুষের হাতে পাটের ব্যাগ প্রদান করেন। বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২০২৫-২৬-এর আওতায় পলিথিনমুক্ত সমাজ গড়ার লক্ষে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সপ্তাহব্যাপী চলমান এই কর্মসূচির মাধ্যমে উপজেলার ৯টি ইউনিয়নে মোট ৪ হাজার পাটের ব্যাগ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ২ হাজার ব্যাগ বিতরণ সম্পন্ন হয়েছে। মূলত সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষের মাঝে পলিথিন বর্জনের সচেতনতা তৈরি করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্যাগ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার, উপজেলা প্রকৌশলী এবং রাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য মনির উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সেবাগ্রহীতাগণ।
উপজেলা প্রশাসনের এই কার্যক্রমকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন স্থানীয় সচেতন নাগরিক মহল। তাদের মতে, পরিবেশ রক্ষায় প্লাস্টিক ও পলিথিন বর্জন এখন সময়ের দাবি। পাটের ব্যাগ ব্যবহারের এই সংস্কৃতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে তা পরিবেশের পাশাপাশি দেশের পাট শিল্পের জন্যও মঙ্গলজনক হবে। আগামীতে পরিবেশ সুরক্ষায় এই কার্যক্রম আরও বড় পরিসরে অব্যাহত থাকবে বলে স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেছেন।




















