
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদীর পলাশে জুয়েল ভূইয়া (২৬) নামে এক জঙ্গি সংগঠনের সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা। গতকাল মঙ্গলবার সন্ধায় উপজেলার খানেপুর গ্রামে অবস্থিত ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতিয়ার হোসেন।
গ্রেপ্তারকৃত জুয়েল ভূইয়া নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজিরচর গ্রামের আবুল ভূইয়ার ছেলে ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর একজন সক্রিয় সদস্য।
পুলিশ জানায়, জুয়েল ভূইয়া ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পে শ্রমিকের কাজের পাশাপাশি গোপনে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর সদস্য হয়ে কাজ করতো। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে এন্টি টেরোরিজম ইউনিটের একটি টিম অভিযান পরিচালনা করে মঙ্গলবার সন্ধায় পলাশের খানেপুরের ফার্টিলাইজার প্রকল্প এলাকা থেকে জুয়েল ভূইয়াকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও হিজবুত তাহরীর বিভিন্ন লিফলেট উদ্ধার করা হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতিয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত জুয়েল ভূইয়ার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।























