
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
আধুনিক বন্দর, দক্ষ নাবিক, শক্তিশালী নিয়ন্ত্রণব্যবস্থা ও নিরাপদ নৌপরিবহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে জানিয়েছেন নৌপরিবহণ, রেলপথ, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘বিশ্ব নৌ দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, শুধু আন্তর্জাতিক নৌ-চুক্তিতে যোগদান বা আইন প্রণয়ন যথেষ্ট নয়; এর সুফল নিশ্চিত করতে নিরাপদ জাহাজ, আধুনিক বন্দর, দক্ষ নাবিক ও কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা প্রয়োজন।
মন্ত্রী বলেন, দেশের সামুদ্রিক খাতকে নিরাপদ, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব করতে সরকার কাজ করছে। বন্দর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি, পণ্য খালাসের সময় কমানো এবং নৌপরিবহণ অধিদপ্তরের নিয়ন্ত্রণ ও পরিদর্শন সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, নাবিকদের প্রশিক্ষণ, সনদায়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌপথের টেকসই উন্নয়ন এবং নদীদূষণ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মেসবাহ-উল-আজিম সামুদ্রিক নিরাপত্তা, তথ্য বিনিময় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানান। অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, নৌপথের উন্নয়ন ও সবুজ নৌপরিবহণসহ বিভিন্ন উদ্যোগের তথ্য তুলে ধরা হয়।


























