
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ নগরীর প্রধান প্রধান সড়কের ফুটপাথ থেকে হকার উচ্ছেদ এবং যানজট নিরসনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ এপ্রিল) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভবনে এ সভার আয়োজন করে সিটি কর্পোরেশন। এতে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সভায় ২০০-২৫০ জন অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সাবেক যুগ্ম আহ্বায়ক আবু কাওসার আশা, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি ইলিয়াছুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ নগরীর যানজট ও ফুটপাথ দখল সমস্যার স্থায়ী সমাধানে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে নগরবাসীর স্বার্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরও বলেন, এ বিষয়ে সংসদ সদস্য, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পুলিশ ও র্যাব সমন্বিতভাবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

























