
মোঃ সাগর ইসলাম,
দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাবের যৌথ অভিযানে দুই ব্যক্তিকে আটকসহ বিপুল পরিমাণ ভারতীয় স্কাফ সিরাপ জব্দ করা হয়েছে। শনিবার (৭ মার্চ) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ রামচন্দ্রপুর বিওপির টহল দল এবং র্যাবের একটি দল যৌথভাবে অভিযান চালায়। এ সময় দিনাজপুর জেলার বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৮/১-এস থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব বালান্দোর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মো. তরিকুল ইসলাম (৩২) ও মো. রনি আহমেদ (২২) নামের দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। আটক তরিকুল ইসলামের বাড়ি বিরল উপজেলার পূর্ব বালান্দোর গ্রামে। তিনি মৃত সাবেদুর রহমানের ছেলে। অপর আটক রনি আহমেদ একই গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, উদ্ধার করা স্কাফ সিরাপের আনুমানিক সিজার মূল্য এক লাখ ১৯ হাজার ৬০০ টাকা।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
























