
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের কাঁচপুর সেতু সংলগ্ন এলাকায় ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নবনির্বাচিত সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির সূচনা করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসিফ আল জিন্নাত এবং সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সড়ক বিভাগ নারায়ণগঞ্জ, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্টরা জানান, দেশের সবুজায়ন বৃদ্ধি, বায়ুদূষণ কমানো এবং টেকসই পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
























