
নিউজ ডেস্ক,
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।
রোববার (১৭ মে) এ রিটের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য আগামী বৃহস্পতিবার (২১ মে) দিন নির্ধারণ করেন।
আদালতে রিট আবেদনের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী এম কে রহমান এবং রিটকারী আইনজীবী মহসিন রশীদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
আইনজীবী এম কে রহমান বলেন, ১৮ মাসের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তদন্তের দাবি জানানো হয়েছে। তার ভাষায়, এই সময়ে অর্থনীতি ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে একটি কমিশন গঠনের প্রয়োজন রয়েছে।
অন্যদিকে রিটকারী আইনজীবী মহসিন রশীদ জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের বিষয়ে সিদ্ধান্ত সরকার নেবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেলও অবহিত হয়েছেন এবং সরকার থেকে নির্দেশনার অপেক্ষা করা হচ্ছে।
এখন নজর আদালতের আগামী বৃহস্পতিবারের আদেশের দিকে, যা এ বিষয়ে পরবর্তী দিকনির্দেশনা নির্ধারণ করতে পারে।
























