
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে র্যাব-১১ এর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২টি পাইপগান, ১ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) রাত ১২টা ৩০ মিনিটে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি টহল দল বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা হেলাল নামে এক ব্যক্তির বাড়ির উত্তর পাশে একটি কলাবাগানে অভিযান চালায়। এ সময় কলাবাগানের ভেতরে পড়ে থাকা একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করা হয়।
পরে ব্যাগটি তল্লাশি করে ২টি পাইপগান, ১ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

























