
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
পুলিশের প্রতি জনআস্থা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কতটা জনআস্থা অর্জন করতে পেরেছে, তার বিচার করবে জনগণ। তবে অর্জিত আস্থা ধরে রাখা এবং আরও বাড়ানোই পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আইজিপি পুলিশের জন্য জনআস্থা অর্জনকে বড় চ্যালেঞ্জ বলেছেন—এ প্রসঙ্গে এক সাংবাদিক জানতে চান, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সাধারণ মানুষের আস্থার সংকট কাটেনি, তাহলে আস্থা অর্জনে পুলিশের আর কত সময় লাগবে।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি তো সিদ্ধান্তই দিয়ে দিলেন যে জনআস্থা নাই!’ তিনি বলেন, তাঁর বোঝাপড়ায় আইজিপির বক্তব্য হলো—জনআস্থা বহাল রাখাই পুলিশের বড় দায়িত্ব। তাঁর দাবি, পুলিশ ইতোমধ্যে জনআস্থা অর্জন করেছে।


























