
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
যশোর পৌরসভার সাবেক মেয়র মো. জহিরুল ইসলাম চাকলাদার ও তার স্ত্রী শামীমা শারমিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। দুদকের তথ্য অনুযায়ী, জহিরুল ইসলাম চাকলাদারের বিরুদ্ধে ২৪ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার ২২১ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হবে।
অন্যদিকে, শামীমা শারমিনের বিরুদ্ধে ৬ কোটি ৭২ লাখ ৯ হাজার ৪৫৩ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় তার স্বামী জহিরুল ইসলাম চাকলাদারকে সহায়তাকারী হিসেবে আসামি করা হবে।
তার বিরুদ্ধে ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় পৃথক মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।


























