
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
সাভারের আমিনবাজারে অটোরিকশা রাখা নিয়ে বিরোধের জেরে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এসআই মো. আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলার ১৫ আসামিকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার সচিবালয়ে নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাসও দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মামলার এজাহার অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় আমিনবাজারের বরদেশী পশ্চিমপাড়ায় অটোরিকশা রাখা নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে আলতাফ হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হামলার আশঙ্কায় তিনি ছেলে শরিফুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠানে আশ্রয় নেন।
পরে দেশীয় অস্ত্র, রড, পাইপ, হাতুড়ি ও লাঠি নিয়ে একদল ব্যক্তি সেখানে হামলা চালায় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। বাবাকে বাঁচাতে গিয়ে ছোট ছেলে আরিফুল ইসলামও গুরুতর আহত হন। স্থানীয়রা বাবা-ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলী পারভীন বাদী হয়ে সাভার মডেল থানায় ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
এদিকে আলতাফ হোসেনের দীর্ঘ চাকরিজীবনের স্বীকৃতি হিসেবে তাকে মরণোত্তর পুলিশ পদক (পিপিএম) দেওয়ার উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি পরিবারের সহায়তায় পুলিশ অধিদপ্তরের কল্যাণ তহবিল থেকে ৬ লাখ টাকা দেওয়া হয়েছে এবং পারিবারিক ব্যবসা সচল রাখতে ঋণসহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।
১৯৮৬ সালে কনস্টেবল হিসেবে পুলিশে যোগ দেওয়া আলতাফ হোসেন ২০১১ সাল থেকে স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন। প্রায় চার দশকের চাকরিজীবন শেষে অবসরের আগেই হত্যাকাণ্ডের শিকার হন তিনি।


























