
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া রূপরেখা ও নীতিমালা অনুসরণ করেই কাজ এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাষ্ট্রের কোনো কাজ স্থবির হয়ে থাকলে দ্রুত তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
ধর্ম প্রতিমন্ত্রী জানান, দেশের সব ধর্ম ও মতের মানুষের নিজ নিজ অবস্থান থেকে কথা বলার সুযোগ নিশ্চিত করতে কাজ করবে ধর্ম মন্ত্রণালয়। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও শক্তিশালী করতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
ওলামায়ে কেরামদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনার ওপর গুরুত্ব দিয়ে শামীম কায়সার লিংকন বলেন, পারস্পরিক যোগাযোগ বাড়লে ভুল-বোঝাবুঝি দূর করার সুযোগ তৈরি হবে।
তিনি জানান, শুধু ইসলাম ধর্মের আলেমদের নয়, অন্যান্য ধর্মের ধর্মীয় নেতা ও গুরুদের সঙ্গেও যোগাযোগ করবেন তিনি। তার মতে, পারস্পরিক আলোচনা ও সহাবস্থানের মাধ্যমেই দেশে ধর্মীয় সম্প্রীতি আরও সুদৃঢ় করা সম্ভব।


























