
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানকালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মধ্যে কথিত ফোনালাপের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে তা তদন্ত করে দেখা হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, “এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। যদি বিষয়টি সত্য হয়ে থাকে, তাহলে অবশ্যই সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় তদন্ত করবে।”
মার্কিন দূতের ঢাকা সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বহুমাত্রিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে বাণিজ্য, কূটনৈতিক সহযোগিতা এবং অর্থনৈতিক কূটনীতি জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভারতে চলমান ছাত্র আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা কামনা করে। তিনি আশা প্রকাশ করেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারত তার জনগণের উদ্বেগ ও দাবি বিবেচনায় নিয়ে দ্রুত সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে।
বাংলাদেশি পাসপোর্টের মান কমে যাওয়ার বিষয়ে প্রচলিত ধারণা নাকচ করে শামা ওবায়েদ বলেন, দেশের পাসপোর্টের আন্তর্জাতিক মানের কোনো অবনমন হয়নি। তার ভাষ্য, বর্তমানে যেসব ভিসা-সংক্রান্ত জটিলতা দেখা যাচ্ছে, সেগুলোর পেছনে মূলত অবৈধ অভিবাসন ও শ্রমবাজারসংক্রান্ত বিভিন্ন কারণ রয়েছে।
তিনি জানান, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়াসহ কয়েকটি দেশে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু সীমিত বা বন্ধ রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ভিসা-সংক্রান্ত জটিলতা নিরসনে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা চলছে এবং সমস্যার দ্রুত সমাধানে সরকার প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রেখেছে।


























