
নিজস্ব প্রতিবেদক,
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, রাজধানীর পশুর হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর গাবতলী গবাদি পশুর হাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রায় ১৫ দিন আগে হাট পরিদর্শনের সময় দেওয়া নির্দেশনার ভিত্তিতে এখন ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি বলেন, পশুর মোট মূল্যের ৫ শতাংশ হারে হাসিল নির্ধারণ করা হয়েছে এবং রশিদ প্রদান নিশ্চিত করা হচ্ছে। একই সঙ্গে আর্থিক লেনদেন স্বচ্ছ রাখতে মানি রশিদ ও টাকার রশিদ নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আরও জানান, বৃষ্টির কারণে হাট এলাকায় কোনো ধরনের দুর্ভোগ তৈরি হলে দ্রুত পানি নিষ্কাশন ও মাটি সমতল করার ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ইট, বালু ও সুরকি ব্যবহার করে পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে।
হাট ব্যবস্থাপনায় সার্বক্ষণিক মনিটরিং, কন্ট্রোল রুম, ওয়াচ টাওয়ার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উপস্থিতির কথাও উল্লেখ করেন তিনি। নিরাপত্তা নিশ্চিতে র্যাব, পুলিশ ও সিটি কর্পোরেশন একযোগে কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি ক্রেতা ও বিক্রেতাদের হাট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান।
পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























