কক্সবাজার জেলা প্রতিনিধি।।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন- 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী তাঁর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিকের পাশাপাশি সরকারের প্রতিষ্ঠানগুলোকেও স্মার্ট হতে হবে। সেক্ষেত্রে দেশের পৌরসভাগুলোকেই টেকসই নগর উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের প্রথম অংশীদার হওয়া চাই'।
কক্সবাজারের একটি তারকা হোটেলের বলরুমে দেশের দুই শতাধিক মেয়রের অংশগ্রহণে অনুষ্ঠিত মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর সাধারণ সভা ও টেকসই নগর উন্নয়ন বিষয়ক সিম্পোজিয়ামে তিনি এ কথা বলেন।
ম্যাবের সভাপতি, নীলফামারি পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন- ম্যাব সাধারণ সম্পাদক, মাদারিপুর পৌরসভার মেয়র মোহাম্মদ খালিদ হোসেন ইয়াদ।
জসীম উদ্দিন বকুল ও রুমানা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার উদ্বোধন করেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম।
এসময় ম্যাব উপদেষ্টা ও গাজিপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, ম্যাব সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ, সিনিয়র সহসভাপতি ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান এবং কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী বক্তৃতা করেন।
সভায় বাংলাদেশের ৩২৯টি পৌরসভার সার্বিক কর্মকান্ডকে আরো গতিশীল করতে টেকসই নগর উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সুযোগ সুবিধা ও পৌরসভার বাজেট বৃদ্ধিসহ নানা বিষয়ের উপর আলোকপাত করা হয়।
এরপর কাউন্সিলে কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির ৬১ পদের মধ্যে চারটি পদে উপস্থিত কাউন্সিলরের সমর্থনে নির্বাচন অনুষ্ঠিত হয়। অবশিষ্ট শূন্য পদ আগামী ৪০দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে তালিকা প্রকাশের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
ম্যাব এর কাউন্সিলে সকলের উপস্থিতিতে এবং সমর্থনে পূণরায় সভাপতি নির্বাচিত হন নীলফামারি পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমদ এবং পূণরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাদারিপুর পৌরসভার মেয়র মোহাম্মদ খালিদ হোসেন ইয়াদ।
এছাড়া সাভার পৌরসভার মেয়র হাজি আব্দুল গনিকে নির্বাহী সভাপতি ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানকে সিনিয়র সহসভাপতি পদে পূণরায় নির্বাচিত করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮