রাশেদ আহমেদ, মৌলভীবাজার,
মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাঙি ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কোনো নারী শিক্ষক নেই। বিদ্যালয়টিতে নারী শিক্ষক না থাকায় বিশেষ করে ছাত্রীদের ব্যক্তিগত ও স্বাস্থ্যসংক্রান্ত বিষয় নিয়ে প্রয়োজনীয় সহযোগিতা পেতে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা। এ অবস্থায় বিদ্যালয়ে দ্রুত একজন নারী শিক্ষক পদায়নের দাবি উঠেছে।
বিদ্যালয় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিশুদের একটি বড় অংশ মেয়ে। তাদের দৈনন্দিন বিভিন্ন প্রয়োজন, শারীরিক পরিবর্তন, স্বাস্থ্যবিধি ও ব্যক্তিগত সমস্যার ক্ষেত্রে অনেক সময় একজন নারী শিক্ষকের সহযোগিতা প্রয়োজন হয়। কিন্তু রাঙি ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে কোনো নারী শিক্ষক না থাকায় এ ক্ষেত্রে কিছুটা অসুবিধা তৈরি হচ্ছে।
অভিভাবকদের কয়েকজন বলেন, ছোট বয়সের মেয়েরা অনেক বিষয় পুরুষ শিক্ষকের কাছে স্বাচ্ছন্দ্যে বলতে পারে না। বিশেষ করে অসুস্থতা, মাসিকসহ ব্যক্তিগত স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে একজন নারী শিক্ষক থাকলে শিক্ষার্থীরা সহজে সমস্যার কথা জানাতে পারত। তাই বিদ্যালয়ে একজন নারী শিক্ষক থাকা প্রয়োজন।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, একজন নারী শিক্ষক থাকলে ছাত্রীদের পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদের পরিচর্যা, স্বাস্থ্যবিধি ও সহশিক্ষা কার্যক্রমেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক পরিবেশ আরও স্বস্তিদায়ক হবে।
স্থানীয় বাসিন্দারা বলেন, প্রত্যন্ত এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় নারী শিক্ষক পদায়ন করা জরুরি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে দ্রুত একজন নারী শিক্ষক দেওয়ার ব্যবস্থা করা হলে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ কমবে।
প্রধান শিক্ষক,মহেশ রাম যাদব:
তিনি বলেন,গত ২০০৬ সাল থেকে এই বিদ্যালয়ে কর্মরত আছি। বর্তমানে এই বিদ্যালয়ে আমি সহ ৪ জন পুরুষ শিক্ষক কর্মরত আছি। ৫ পোস্টের এই স্কুলে শিক্ষার্থী সংখ্যা ৯৬ জন এদের প্রায় অর্ধেক মেয়ে শিক্ষার্থী কিন্তু এই বিদ্যালয়ে কোন মহিলা শিক্ষক নাই।
বিগত ২৮/১২/২০২৩ তারিখে সহকারি শিক্ষিকা জনাব ইয়াসমীন আক্তার স্বেচ্ছায় চাকুরি হতে ইস্তফা দেওয়ায় এই পদটি শুন্য হয়।
স্থানীয়দের দাবি, রাঙি ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত একজন নারী শিক্ষক পদায়ন করা হোক।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮