মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি,
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে তিন দফা দাবি বাস্তবায়নে প্রশাসনের দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হলেও প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় দ্বিতীয় দফায় সড়ক অবরোধ শুরু করেছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে বাঘাইহাটের ১০ নম্বর এলাকা, গঙ্গারাম ব্রিজ ও মাচলঙের ১৪ কিলোসহ বিভিন্ন স্থানে টায়ার ও গাছের গুঁড়িতে আগুন জ্বালিয়ে পিকেটিং করছেন অবরোধকারীরা। এতে সাজেক পর্যটন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এর আগে গত ১১ অক্টোবর অনির্দিষ্টকালের অবরোধ শুরু হলে প্রশাসনের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিন দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। পরে অবরোধ স্থগিত করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় পুনরায় কর্মসূচি ঘোষণা করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা অভিযোগ করেন, মাচলঙের বিভিন্ন এলাকায় জেএসএসের সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা এখনো অবস্থান করে সাধারণ মানুষকে হুমকি দিচ্ছেন। চিল্ল্যাতুলি গ্রামে মিয়্যো চাকমা নামে এক গ্রামবাসীর ঘরে আগুন দেওয়ার অভিযোগও করেন তাঁরা।
নেতৃদ্বয় জানান, স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করা এবং সশস্ত্র সদস্যদের সংশ্লিষ্ট এলাকা থেকে সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।
তবে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন, সংবাদপত্র বহনকারী গাড়ি ও সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের যানবাহন অবরোধের আওতামুক্ত রাখার কথা বিবৃতিতে জানানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮