স্পোর্টস ডেস্ক,
পাঁচ মাস আগে জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের জয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছিল ব্রাজিল। এবার সেই জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে নেমে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের প্রথম ১৯ মিনিটেই দুই গোল হজম করে পিছিয়ে পড়ে সেলেসাওরা।
শনিবার সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে শুরু হয় ব্রাজিল-জাপান ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। ম্যাচের ১৫ মিনিটে গোল করে জাপানকে এগিয়ে নেন ‘জাপানি মেসি’ খ্যাত তাকেফুসা কুবো। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কেইতো নাকামুরা।
গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল রাফিনিয়ার। আজ (১৪ নভেম্বর) জাপানের বিপক্ষেও বার্সেলোনার এই ফরোয়ার্ডের নেতৃত্বে মাঠে নেমেছে ব্রাজিল।
এবার ভবিষ্যতের দল গড়ায় মনোযোগী কোচ কার্লো আনচেলত্তি। সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচ সামনে রেখে ঘোষিত ব্রাজিলের ২৬ সদস্যের দলে ২৩ বছরের কম বয়সী খেলোয়াড় রয়েছেন ১৫ জন।
শুক্রবার সাংবাদিকদের আনচেলত্তি বলেন, বিশ্বকাপের মধ্য দিয়ে একটি প্রজন্মের খেলোয়াড়দের চক্র শেষ হয়েছে। এখন ২০২৮ সালের কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপসহ পরবর্তী প্রতিযোগিতাগুলোর জন্য নতুন প্রজন্ম গড়ে তোলার কাজ চলছে।
তরুণ খেলোয়াড়দের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে ব্রাজিল কোচ আরও বলেন, দলে বেশ কয়েকজন নতুন খেলোয়াড় রয়েছেন। তাঁদের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট। ভবিষ্যতের জন্য দলে যথেষ্ট গুণসম্পন্ন ও প্রতিভাবান খেলোয়াড় রয়েছে বলেও মনে করেন তিনি।
ব্রাজিলের একাদশ
গোলরক্ষক: পেদ্রো মরিস্কো।
ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মাগালিয়ায়েস, ওয়েসলি, জাইর কুনিয়া ও কার্লোস অগুস্তো।
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, আন্দ্রে লুইজ ও ব্রুনো গিমারায়েস।
ফরোয়ার্ড: রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র ও এস্তেভাও।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮