আন্তর্জাতিক ডেস্ক,
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং বাংলাদেশের করা প্রত্যর্পণের অনুরোধ দুটি পৃথক বিষয়।
বুধবার (২৫ নভেম্বর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।
বার্তা সংস্থা রয়টার্স সম্প্রতি জানিয়েছে, ভারতে দুই বছরের বেশি সময় নির্বাসনে থাকার পর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। এ জন্য ভ্রমণসংক্রান্ত নথি এবং রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফেরার ব্যবস্থা করার অনুরোধও জানিয়েছেন তিনি। তবে বাংলাদেশ সরকার বলেছে, প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই ভারত তাকে ফেরত পাঠাতে পারে।
রণধীর জয়সওয়াল জানান, প্রত্যর্পণের অনুরোধটি বিদ্যমান আইনি কাঠামোর আওতায় প্রক্রিয়াধীন রয়েছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
তিনি বলেন, ‘প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসারে অনুরোধটি পরীক্ষা করা হচ্ছে। কোনো নাগরিকের স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।’
জয়সওয়াল আরও বলেন, ‘এটি শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়।’
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার খবর প্রকাশের পর বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, প্রত্যর্পণ ছাড়া তার দেশে ফেরার সুযোগ নেই।
হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী মঙ্গলবার জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার ১৬ বছরের শাসনের অবসান ঘটে। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন।
বাংলাদেশ সরকার জানিয়েছে, দেশে প্রবেশের সঙ্গে সঙ্গে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে এবং অন্য দণ্ডিত পলাতক আসামির মতোই তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
২০২৪ সালের আন্দোলনে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন।
তবে শেখ হাসিনা অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে রাজি আছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮