আন্তর্জাতিক ডেস্ক,
ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা ও কোম সেমিনারির জ্যেষ্ঠ অধ্যাপক গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হুসেইন ওয়াহিদ খোরাসানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তার দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে ইরাকের ঐতিহ্যবাহী নাজাফ সেমিনারি আজ ও আগামীকাল—দুই দিন সব ধরনের ক্লাস স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। এক শোকবার্তায় প্রতিষ্ঠানটি জানায়, মহান এই ধর্মীয় ব্যক্তিত্বের প্রয়াণে শোক জানিয়ে ‘মুসাফিরের নামাজ’ বিষয়ক পাঠদান স্থগিত করা হয়েছে। বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।
প্রয়াত এই ধর্মীয় নেতা ১৯২১ সালে ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। সেখানেই তার প্রাথমিক ধর্মীয় শিক্ষার হাতেখড়ি। পরে তিনি ইরাকে গিয়ে নাজাফ সেমিনারিতে উচ্চতর শিক্ষা লাভ করেন। সেখানে প্রখ্যাত গ্র্যান্ড আয়াতুল্লাহ আবুল কাসিম আল-খোয়ির অন্যতম প্রধান শিষ্য হিসেবে পরিচিতি পান।
‘ইজতিহাদ’ স্তরে পৌঁছানোর পর তিনি মাশহাদে ফিরে আসেন এবং পরবর্তী সময়ে কোম শহরে স্থায়ী হন। জীবনের দীর্ঘ সময় তিনি কোম সেমিনারিতে ইসলামি ফিকাহ (আইনশাস্ত্র) ও উসুলুল ফিকাহ (আইনশাস্ত্রের মূলনীতি) বিষয়ে অধ্যাপনা করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮