দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকবার ইঙ্গিত দিয়েছেন, আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন তিনি। সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশে ফেরার জন্য নতুন পাসপোর্টের আবেদনও করেছেন। তার এমন তৎপরতা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, মৃত্যুদণ্ডের রায় ও নিরাপত্তাঝুঁকি উপেক্ষা করে তিনি সত্যিই দেশে ফিরবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অনেকটা দূরে থাকলেও সাম্প্রতিক সময়ে দেশে ফেরার বিষয়ে তার বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
প্রশ্ন উঠেছে, এটি কি নিছক রাজনৈতিক বার্তা, নাকি সত্যিই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম মনে করেন, শেখ হাসিনার সাম্প্রতিক কর্মকাণ্ড রাজনৈতিক স্টান্টবাজি। তিনি বলেন, ‘হাসিনা আর দেশে ফিরবেন না।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সরকারের একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, দেশে ফেরার মতো পরিস্থিতিতে শেখ হাসিনা নেই। সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনতে চায়। বিষয়টি নিয়ে দলের মধ্যে বিশেষ কোনো আলোচনা নেই।
তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা যাতে দেশে অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সতর্ক রয়েছে বিএনপি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা হবে। এ বিষয়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নির্দেশনা রয়েছে।
এদিকে সংবিধান সংশোধনসহ বিভিন্ন ইস্যুতে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতবিরোধ রয়েছে। তবে রাজনৈতিক অবস্থানে পার্থক্য থাকলেও শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তিন দলই সতর্ক। তার ঘোষিত ডিসেম্বরকেন্দ্রিক তৎপরতার দিকে নজর রাখছে তারা। প্রয়োজন হলে কর্মসূচি দেওয়ারও প্রস্তুতি রয়েছে দলগুলোর।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যুগান্তরকে বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রতিরোধে অতিরিক্ত কোনো পদক্ষেপ নেওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। এ ধরনের বিষয় মোকাবিলার দায়িত্ব প্রচলিত আইন ও বিচারব্যবস্থার। তবে পরিস্থিতির দাবি অনুযায়ী দলমত নির্বিশেষে তাকে প্রতিরোধ করা হবে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য মূলত রাজনৈতিক স্টান্টবাজি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের চাঙা করা এবং দেশে অস্থিরতা তৈরির চেষ্টা ছাড়া আর কিছু করতে পারবে না। বিভিন্ন অপতৎপরতার মাধ্যমে চাপ সৃষ্টির কৌশল নেওয়া হচ্ছে।
তিনি বলেন, পুলিশ-প্রশাসনসহ সবকিছুর নিয়ন্ত্রণ হাতে থাকার সময়ই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এখন তার দেশে ফেরার মতো শক্তি-সামর্থ্য আছে বলে মনে হয় না। ডিসেম্বর ঘিরে যে শঙ্কা তৈরি হয়েছে, তা মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। তবে তিনি ফিরতে চাইলে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে।
হামিদুর রহমান আযাদ আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকারের সঙ্গে সমঝোতা করেই আসতে হবে। সরকার এমন উদ্যোগ নেবে বলে মনে হয় না। আর যদি ‘টুস করে ঢুকে পড়ে’, তাহলে জুলাইয়ের মতো জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। বিমানবন্দর কিংবা স্থলবন্দর—যে পথেই তিনি প্রবেশ করুন, জনগণ তাকে ধরে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে সরকারি দল বা বিরোধী দলের কোনো ভেদাভেদ থাকবে না; জামায়াতে ইসলামী জনগণের পাশে থাকবে।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদের আস্তানা তৈরি করেছিল। এ কারণে জনগণ রক্ত দিয়ে তাদের প্রতিহত করেছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন ঘটনায় হাজার হাজার মানুষ হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, গুম, খুন ও গুপ্তহত্যার শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাই শেখ হাসিনাকে প্রতিহত করার জন্য যথেষ্ট।
তিনি আরও বলেন, জনগণের এই প্রতিরোধের সঙ্গে জামায়াতে ইসলামী অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে আইনি ও বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। তিনি সাজাপ্রাপ্ত আসামি এবং জনগণ তার সাজা কার্যকর দেখতে চায়।
এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদিব বলেন, শেখ হাসিনা দেশে ফেরার কথা বললেও তিনি আসবেন বলে মনে করেন না। তবে সত্যিই ফিরলে জনগণকে সঙ্গে নিয়ে তাকে প্রতিহত করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮