দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট চেয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন যুক্তরাজ্যের আইনজীবী ব্যারিস্টার স্টিভেন পওলস কেসি।
নিজেকে শেখ হাসিনার আইনি পরামর্শক পরিচয় দিয়ে সোমবার (৯ নভেম্বর) ই-মেইলে চিঠিটি পাঠান তিনি। তবে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে, নাকি আওয়ামী লীগ দলগতভাবে তাকে নিয়োগ দিয়েছে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট নথি পাওয়া যায়নি।
লন্ডনের ম্যাট্রিক্স চেম্বার্সের সদস্য স্টিভেন পওলস আন্তর্জাতিক ফৌজদারি আইন, প্রত্যর্পণ ও মানবাধিকার বিষয়ে অভিজ্ঞ আইনজীবী। ১৯৯৭ সালে আইন পেশা শুরু করা পওলস ২০১৯ সালে ব্রিটিশ রাজপরিবারের বিশেষ কুইন্স কাউন্সেল (কিউসি) মর্যাদা লাভ করেন।
এর আগে তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত ডাউটি স্ট্রিট চেম্বার্সের সঙ্গে যুক্ত ছিলেন। পেশাগত নথি ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মাসে শেখ হাসিনার পক্ষে অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরামে আইনি উদ্যোগ নিয়েছেন তিনি।
দীর্ঘ পেশাগত জীবনে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি), সাবেক যুগোস্লাভিয়াবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এবং সিয়েরা লিওনের বিশেষ আদালতে বিভিন্ন ব্যক্তির পক্ষে মামলা পরিচালনা করেছেন পওলস। লাইবেরিয়ার সাবেক ফার্স্ট লেডি অ্যাগনেস রিভস-টেলর, কেনিয়ার সাবেক মন্ত্রী হেনরি কসগে এবং ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির আইনি সহায়তায়ও যুক্ত ছিলেন তিনি।
এ ছাড়া সেশেলসের অ্যাটর্নি জেনারেলের পক্ষে দুর্নীতির মামলাও পরিচালনা করেছেন। দক্ষিণ এশিয়া বা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তার পূর্ববর্তী সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি। যুক্তরাজ্যের আইন পেশায় প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের পক্ষে মামলা পরিচালনা করা আইনজীবীর ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান নির্দেশ করে না; এটি মূলত পেশাগত সম্পর্কের অংশ।
নথি অনুযায়ী, ২০২৫ সালের ৮ আগস্ট প্রথমবারের মতো শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে আইনি উদ্যোগ নেন পওলস। ডাউটি স্ট্রিট চেম্বার্সের ওয়েবসাইটে প্রকাশিত ওই আবেদনে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি হিসেবে উল্লেখ করা হয়। দলটির সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ ও বিশেষ প্রতিবেদকদের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছিল।
একই বছরের ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে পরিচালিত বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সহকর্মী তাতিয়ানা ইটওয়েলসহ জাতিসংঘের সংশ্লিষ্ট বিশেষ প্রতিবেদকদের কাছে আরেকটি আবেদন করেন পওলস।
২০২৬ সালেও আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের আইনি তৎপরতা অব্যাহত রাখেন তিনি। ২৮ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) কাছে শেখ হাসিনার বিচার, মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ এবং সাবেক শতাধিক সংসদ সদস্যকে আটক রাখার বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। একই বছরের ২৭ অক্টোবর জাতিসংঘের দুজন বিশেষ প্রতিবেদক ও একজন স্বাধীন বিশেষজ্ঞের কাছে নতুন আবেদন পাঠান তিনি। এতে বিএনপি নেতৃত্বাধীন সরকারের জারি করা নিষেধাজ্ঞা এবং পরবর্তী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আপত্তি জানানো হয়।
আবেদনগুলোতে পওলসের পেশাগত চেম্বার পরিবর্তনের বিষয়টিও উঠে এসেছে। ২০২৫ সালের দুটি আবেদন ডাউটি স্ট্রিট চেম্বার্সের প্যাডে প্রকাশিত হলেও ২০২৬ সালের পরবর্তী দুটি উদ্যোগ ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে এসেছে।
যুক্তরাজ্যের আইনি কাঠামো অনুযায়ী, ব্যারিস্টারদের চেম্বার্স মূলত স্বনিয়োজিত আইনজীবীদের প্রশাসনিক কার্যালয়। ফলে কোনো ব্যারিস্টার চেম্বার পরিবর্তন করলেও সাধারণত মক্কেলের সঙ্গে তার পেশাগত সম্পর্ক বজায় থাকে। ২০২৫ সালের আবেদনগুলোতে অ্যালেক্স টিনসলি ও তাতিয়ানা ইটওয়েলের মতো সহকর্মীদের নাম থাকলেও ২০২৬ সালের নথিতে পওলসকে এককভাবে প্রধান কৌশলী হিসেবে দেখা গেছে।
দিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাঠানো সাম্প্রতিক চিঠিতে পওলস উল্লেখ করেন, তৎকালীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তিনি জানতে পেরেছেন। এ অবস্থায় বাংলাদেশের নাগরিকত্বসংক্রান্ত আইন, সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার সনদের বিষয়গুলো তুলে ধরে শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে আবেদন নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় আইনি কাগজপত্র ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পর্কেও জানতে চান।
নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তবে কূটনৈতিক সূত্র জানিয়েছে, চিঠিতে পওলস নিজেকে শেখ হাসিনার আইনি পরামর্শক হিসেবে পরিচয় দিলেও তার স্বাক্ষরিত কোনো ওকালতনামা বা সম্মতিপত্র সংযুক্ত ছিল না।
এদিকে চিঠিটির বিষয়ে সরকারের অবস্থান জানিয়েছে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে পাঠানো চিঠির সত্যতা, আইনগত বৈধতা ও ভিত্তি খতিয়ে দেখা হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮