দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে এক হাজার ৮৪ শিশুর শরীরে। এর মধ্যে পরীক্ষায় ৮৩ শিশুর হাম শনাক্ত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট দুই লাখ ৪৬ হাজার ৬৪৬ শিশু শনাক্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষায় ২৫ হাজার ১১১ শিশুর হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ২০১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ১০৫ শিশু।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, ৪৫২ শিশু। এ ছাড়া চট্টগ্রামে ২০৮, সিলেটে ১৩৬, বরিশালে ১০০, খুলনায় ৭১, ময়মনসিংহে ৫৭, রংপুরে ৩১ এবং রাজশাহীতে ২৯ শিশু শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ২০ হাজার ২৪৭ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে দুই লাখ ১১ হাজার ৩০৩ শিশু।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮