চঞ্চল,
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় প্রায় ৮৩ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা সংস্কার ও গাইড ওয়াল নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান সিয়াম এন্ড সাজ্জাদ ট্রেডার্সের বিরুদ্ধে। কুচলিবাড়ী ইউনিয়নের ললিতারহাট বাজার থেকে বোচার বাজার পর্যন্ত প্রায় পৌনে ২ কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
বর্ষাকালে রাস্তা রক্ষায় পুকুরের পাশে যে গাইড ওয়াল নির্মাণ করা হচ্ছে, তার কাজ অত্যন্ত নিম্নমানের। হাত দিয়ে চাপ দিলেই পিলারের প্লাস্টারিং থেকে সিমেন্টের গুঁড়ো খসে পড়ছে। গাইড ওয়ালের ইটে সামান্য চাপ দিলেই সেটিও ভেঙে যাচ্ছে। এমনকি, লোহার বদলে মোটা জিআই তার ব্যবহার করা হয়েছে এবং কিছু জায়গায় পুরোনো ভাঙা খুঁটি ব্যবহার করারও অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার ইচ্ছেমতো কাজ করছেন এবং কাজের মান তদারকির জন্য কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। নাম প্রকাশ না করার শর্তে একজন এলাকাবাসী বলেন, "কম সিমেন্ট আর বেশি বালি দিয়ে কোনোমতে ওয়াল তৈরি করা হচ্ছে। আমরা ভালো করে কাজ করতে বললেও তারা শোনেনি।"
ঘটনার সময় সেখানে উপস্থিত থাকা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আহসান হাবীব রুজেন গণমাধ্যমকর্মীদের প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি। ঠিকাদারের প্রতিনিধি মাইদুল ইসলাম বলেন, "কাজ ভালো হচ্ছে এবং এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করুন।"
ঠিকাদার শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কাজের মান ভালো বলে দাবি করেন। তিনি বলেন, "আমি উপস্থিত না থাকলেও উপজেলার লোকজন আছেন, তারাই কাজ বুঝে নিচ্ছেন।"
তবে পাটগ্রাম উপজেলা প্রকৌশলী সফিউল ইসলাম রিফাত অনিয়মের বিষয়টি স্বীকার করে জানান, কাজের মান খারাপ ছিল এবং ঠিকাদারের কাজের বিল এখনো পরিশোধ করা হয়নি। তিনি বলেন, "নিম্নমানের ইট ব্যবহারের জন্য পরিবর্তনের কথা বলা হয়েছিল। পুরোনো খুঁটি ব্যবহার করতে নিষেধ করলেও তারা তা করেছে। আমরা বিষয়টি দেখছি।"
সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান এই অনিয়মের বিষয়ে কঠোর পদক্ষেপের কথা জানালেও, কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে কাজটি অনিয়মের মধ্য দিয়েই শেষ হয়েছে বলে এলাকাবাসী দাবি করেছেন। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেছেন, "কাজের মান পরীক্ষা করে দেখা হবে এবং মান ঠিক না থাকলে বকেয়া বিল বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮