চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামের হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে বাকবিতণ্ডার জেরে এক তরুণকে ধাওয়া করে গুলির ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ তরুণের নাম মুহাম্মদ আরাফাত (২৬)। তিনি পাশের বুড়িশ্চর ইউনিয়নের আব্দুর রশিদ টেন্ডলের বাড়ির বাসিন্দা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কথাকাটাকাটির একপর্যায়ে আরিফ ও ইমন নামের দুই যুবক সাথে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে ধাওয়া দেয়। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। গুরুতর জখম অবস্থায় আরাফাত মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত এলাকা ছেড়ে পালায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮