মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি,
লক্ষ্মীপুরের রামগঞ্জে সঠিক জায়গায় টিকা না দেওয়ায় পায়ের জটিলতায় ভুগছে ১১ মাস বয়সী এক শিশু। ভুক্তভোগী পরিবার প্রতিকার না পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা গেছে শিশুটির নাম জায়ান ইসলাম (১১ মাস)। তার বাবা রফিকুল ইসলাম। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৭ জুলাই জায়ানকে ১০ মাস বয়সের নির্ধারিত টিকা দিতে দরবেশপুর ইউনিয়নের আইয়েনগর পোদ্দার বাড়ির টিকা কেন্দ্রে নেওয়া হয়।
সেখানে নিয়মিত টিকা প্রদানকারী শারমিন আক্তার শিশুটির ডান পায়ে, হাঁটুর একটু নিচে টিকা দেন বলে পরিবারের দাবি।
টিকা দেওয়ার পর শিশুটির পায়ে ফোঁড়া, পুঁজ ও রক্ত বের হওয়ার মতো জটিলতা দেখা দেয় বলে অভিযোগ পরিবারের।
বিষয়টি টিকা প্রদানকারীকে জানালেও তিনি গুরুত্ব দেননি এবং উল্টো হুমকি-ধমকি দিয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এছাড়া শারমিন আক্তারের স্বামী রাজনীতির সঙ্গে জড়িত উল্লেখ করে ভয়ভীতি দেখানোরও অভিযোগ করেন তারা। শিশুটির দাদি রেহানা আক্তার বলেন, “আমি নিজে আমার নাতিকে গত ২৭ জুলাই টিকা দিতে নিয়ে যাই।
হাঁটুর একটু নিচে টিকা দেন শারমিন আক্তার। বাচ্চার জটিলতা দেখা দেওয়ার পর আমরা বিষয়টি তাকে জানালে তিনি আমাদের কোনো গুরুত্ব দেননি। বরং তার স্বামী রাজনীতি করেন- এ কথা বলে আমাদের ভয়ভীতি দেখানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমার নাতি এখন বিপদের মুখোমুখি।”
অভিযোগের বিষয়ে টিকা প্রদানকারী শারমিন আক্তার বলেন, “ভুল হতেই পারে, মানুষ ভুল করে না? হাজারো ডাক্তার ভুল করে রোগী মারা যায়, কই কিছু তো হয় না। তাহলে আমার বিষয়টা নিয়ে এত মাতামাতি কেন?”
এ বিষয়ে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদ বলেন, তিনি বিষয়টি অবগত হয়েছেন। শিশুটির পরিবারকে তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রয়োজন হলে শিশুটিকে সরকারি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হবে।
ভুল জায়গায় টিকা দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “শারমিন আক্তার অনেক শিশুকে টিকা দিয়েছেন। এটা ভুল হয়েছে। সমস্যা নেই, সরকারি হাসপাতালে চিকিৎসা হবে।” তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পরিবারটি আবেদন করার পর তাকে বিষয়টি অবগত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান বলেন, “শিশুর পরিবার একটি আবেদন করেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮