মো: সাগর ইসলাম,
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ টাকা মূল্যের ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার ০৬ নভেম্বর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি এর অধীনস্থ মিনাপুর বিওপির একটি টহল দল হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ টাকা।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তনের চেষ্টা করছে। তবে সীমান্তে বিজিবির সতর্ক নজরদারি ও গোয়েন্দা তৎপরতা তাদের সেই অপচেষ্টা সফল হতে দেবে না। শুধু মাদকদ্রব্য উদ্ধার নয় এর সঙ্গে জড়িত পাচারচক্রের সদস্যদের শনাক্ত করাও আমাদের অন্যতম লক্ষ্য। এ ক্ষেত্রে আমাদের অভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এর সাথে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮