বিনোদন ডেস্ক,
কিছুদিন আগেই ভাইরাল জ্বরে ১২ দিন ভোগার পর সুস্থ হয়ে কাজে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি চুলের রং ও স্টাইলে পরিবর্তন এনে নতুন লুকে হাজির হয়েছিলেন তিনি। এবার রাজকীয় কনের সাজে ধরা দিয়ে ভক্তদের চমকে দিলেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন সাদিয়া আয়মান। ছবিতে তাকে দেখা গেছে জমকালো ঐতিহ্যবাহী শাড়ি ও মানানসই গহনায়। চোকার নেকলেস ও মাং টিকা তার সাজে যোগ করেছে বাড়তি আভিজাত্য।
সাধারণত ব্রাইডাল লুকে খুব একটা দেখা যায় না সাদিয়াকে। তাই তার এই নতুন সাজ নজর কেড়েছে নেটিজেনদের। ছিমছাম মেকআপে স্বাভাবিক সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন তিনি। রাজকীয় পোশাক ও ঐতিহ্যবাহী গহনার সমন্বয়ে অভিনেত্রীর সাজ হয়ে উঠেছে আকর্ষণীয়।
আসন্ন শীত মৌসুমে বিয়ের আয়োজন বাড়ার কথা মাথায় রেখেই এই ব্রাইডাল লুকে হাজির হয়েছেন সাদিয়া। এর পেছনে রয়েছে একটি কসমেটিকস ও জুয়েলারি ব্র্যান্ডের স্পনসরশিপ।
ছবিগুলোর সঙ্গে সাদিয়া লিখেছেন, ‘আসন্ন বিয়ের মৌসুমের জন্য আপনার যে একমাত্র অনুপ্রেরণা প্রয়োজন।’
অভিনেত্রীর নতুন লুক ইতোমধ্যে ভক্তদের নজর কেড়েছে। আসন্ন বিয়ের মৌসুমে কনের সাজের অনুপ্রেরণা হিসেবেও তার এই রাজকীয় উপস্থিতিকে দেখছেন অনেকে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮