
ফারহান ইসলাম হিলি ও পাঁচবিবি প্রতিনিধি:
২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মার্ট উদ্যোক্তা ফোরামের উদ্যোগে হিলিতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে স্মার্ট উদ্যোক্তা ফোরামের দিনাজপুর টিম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে মাতৃভাষা বাংলা আমাদের গৌরব ও আত্মপরিচয়ের ভিত্তি। ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের ভাষার অধিকার। তাদের এই মহান আত্মদান জাতিকে দেশপ্রেম, সংস্কৃতি ও মূল্যবোধে সমৃদ্ধ হতে অনুপ্রাণিত করে।
স্মার্ট উদ্যোক্তা ফোরামের দিনাজপুর টিমের ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ রোমেনা আক্তার (মনি) বলেন, ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমাদের সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট উদ্যোক্তা ফোরামের সভাপতি রোমেনা আক্তার (মনি) সাধারণ সম্পাদক হামিদা আক্তার, সাংগঠনিক সম্পাদক নাজমুন নাহার এবং উপদেষ্টা সোনিয়া ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও নীরবতা পালন করা হয়।
























