নিউজ ডেস্ক,
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে না পারায় এর প্রতি মানুষের আস্থা কমে গেছে এবং বিশ্বাসযোগ্যতা তলানিতে গিয়ে ঠেকেছে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান Kamal Ahmed।
রোববার (৩ মে) টিআইবি কার্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত ‘জনআস্থা পুনর্নির্মাণ: বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক জবাবদিহিতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
কামাল আহমেদ বলেন, অর্থনৈতিক চাপ, মালিকদের প্রভাব এবং করপোরেট স্বার্থের কারণে গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে। তিনি আরও বলেন, সরকার পরিবর্তনের পর বর্তমানে সরাসরি চাপ না থাকলেও ভবিষ্যতে পরিস্থিতি কী হবে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্যকেও গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা হ্রাসের একটি বড় কারণ হিসেবে উল্লেখ করেন। তার মতে, রাজনৈতিক, গোষ্ঠীগত ও ব্যবসায়িক স্বার্থে প্রচারিত ভুয়া তথ্য সমাজে বিভ্রান্তি তৈরি করছে।
সভায় তিনি আরও বলেন, নানা ধরনের নিয়ন্ত্রণ, নিপীড়ন ও করপোরেট প্রভাবের কারণে মূলধারার গণমাধ্যম যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত UNESCO কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুজান ভাইজ। তিনি বলেন, বিশ্বজুড়েই গণমাধ্যম স্বাধীনতা চাপের মুখে রয়েছে এবং বাংলাদেশও এর বাইরে নয়। তিনি এমন একটি কাঠামোর ওপর গুরুত্বারোপ করেন, যা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ না করে বরং সহায়তা ও সুরক্ষা দেবে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনায় গণমাধ্যমের পেশাগত মান, নির্ভুল তথ্য প্রকাশ এবং সাংবাদিকদের নিরাপত্তার ওপরও গুরুত্বারোপ করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮