দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
তীব্র বিক্রির চাপে গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর সপ্তাহের শেষ দিকে স্বর্ণ ও রূপার দাম কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। তবে এই সাময়িক পুনরুদ্ধার ২০২৬ সালের বড় দরপতনের ক্ষতি পুষিয়ে নিতে পারেনি। শক্তিশালী মার্কিন ডলার, সুদের হার বাড়ার আশঙ্কা ও বিশ্ববাজারের অস্থিরতায় স্বর্ণের তুলনায় রূপার দাম অনেক বেশি কমেছে।
ভারতীয় বিনিয়োগকারীদের জন্য দরপতনের প্রভাব আরও তীব্র হয়েছে মুদ্রার বিনিময় হারের পরিবর্তনে। কেডিয়া অ্যাডভাইজরির তথ্য অনুযায়ী, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) রূপার দাম জানুয়ারির সর্বোচ্চ ৪ লাখ ২০ হাজার ৪৮ রুপি (প্রতি কেজি) থেকে কমে ২৭ নভেম্বর দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৫০৩ রুপিতে। অর্থাৎ দাম কমেছে প্রায় ৬৪ শতাংশ।
একই সময়ে এমসিএক্সে স্বর্ণের দাম প্রতি ১০ গ্রামে ১ লাখ ৮০ হাজার ৭৭৯ রুপি থেকে কমে ১ লাখ ২৪ হাজার ৩০৯ রুপিতে নেমেছে। এতে দরপতনের হার দাঁড়িয়েছে প্রায় ৩১ শতাংশ।
ডলারের হিসাবে রূপার দরপতন আরও বেশি। কেডিয়া অ্যাডভাইজরির বিশ্লেষণে দেখা গেছে, জানুয়ারির সর্বোচ্চ অবস্থান থেকে রূপার দাম কমেছে প্রায় ৬৭ শতাংশ। একই সময়ে স্বর্ণের দাম কমেছে ৩১ শতাংশ।
রূপার তীব্র দরপতনের কারণ
সাম্প্রতিক সময়ে রূপার বাজারে অস্বাভাবিক অস্থিরতা ও ব্যাপক বিক্রির প্রবণতা দেখা গেছে। কেডিয়া অ্যাডভাইজরির গত ৩০টি ট্রেডিং সেশনের বিশ্লেষণ অনুযায়ী, এমসিএক্সে রূপার দাম ২ লাখ ১১ হাজার ৪৮৫ রুপি থেকে ৩৩ শতাংশ কমে সর্বনিম্ন ১ লাখ ৩৬ হাজার ৭১২ রুপিতে নেমেছিল।
দরপতনের সময় লেনদেনের পরিমাণও ব্যাপকভাবে বেড়ে যায়। পতনের চূড়ান্ত পর্যায়ে লেনদেন হয়েছিল ২৮ হাজার ৮১০ লট, যা ৩০ সেশনের গড় লেনদেনের পরিমাণ প্রায় ১৩ হাজার লটের দ্বিগুণেরও বেশি।
মূল্যবান ধাতু ও শিল্পের কাঁচামাল—দুই ধরনের ব্যবহার থাকায় স্বর্ণের তুলনায় রূপার বাজারে অস্থিরতা বেশি। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পখাতে চাহিদা কমার আশঙ্কা রূপার দরপতনকে আরও ত্বরান্বিত করেছে।
অন্যদিকে, মার্কিন মুদ্রানীতি কঠোর হওয়ার আশঙ্কায় স্বর্ণের দামও চাপে রয়েছে। প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য এবং মার্কিন জিডিপি প্রবৃদ্ধির ঊর্ধ্বমুখী সংশোধনের কারণে ফেডারেল রিজার্ভ দীর্ঘ সময় সুদের হার বেশি রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শক্তিশালী ডলার ও ফেডের সিদ্ধান্তই বড় বাধা
কেডিয়া অ্যাডভাইজরির তথ্য অনুযায়ী, ইউএস ডলার ইনডেক্স ১০৩ দশমিক ৭ পয়েন্টে অবস্থান করছে, যা বছরের শুরু থেকে ৫ দশমিক ৬ শতাংশ বেশি। ডলারের শক্তিশালী অবস্থানের কারণে বিদেশি ক্রেতাদের জন্য ডলারে নির্ধারিত স্বর্ণ ও রূপা কেনা ব্যয়বহুল হয়ে উঠেছে। এতে মূল্যবান ধাতু দুটির চাহিদায় নেতিবাচক প্রভাব পড়ছে।
তবে মার্কিন বন্ডের মুনাফার হার সাম্প্রতিক সর্বোচ্চ অবস্থান থেকে কিছুটা কমেছে। ১০ বছর মেয়াদি ইউএস ট্রেজারি ইল্ড অক্টোবরে সর্বোচ্চ ৫ দশমিক ২৮ শতাংশে পৌঁছানোর পর ৩৭ বেসিস পয়েন্ট কমে ৪ দশমিক ৯১ শতাংশে দাঁড়িয়েছে।
বন্ড ইল্ড কমলে স্বর্ণ ও রূপার মতো সুদবিহীন সম্পদ ধরে রাখার সুযোগ ব্যয় কমে যায়। এ ছাড়া অপরিশোধিত জ্বালানি তেলের দামও কমেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮