দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
স্থানীয় সরকার নির্বাচনে এবার প্রথমবারের মতো এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি।
দলটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটে না গিয়ে নিজেদের প্রতীকেই চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি।
সোমবার চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
সারজিস আলম বলেন, আগামী নভেম্বরের মধ্যে দেশের প্রায় ৫ হাজার ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করার লক্ষ্য রয়েছে এনসিপির। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে এসব ইউনিয়নে দলের আহ্বায়ক কমিটি গঠনের পরিকল্পনাও রয়েছে।
তিনি জানান, ইতোমধ্যে ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এনসিপির এই নেতা আরও বলেন, আগামী ২০২৭ সালের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ডে দল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কমিটি বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
নতুন এই রাজনৈতিক ধারায় তরুণদের যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার কাজ চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮