
নিজস্ব প্রতিবেদক,
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের কলঙ্ক নিতে চায় না বিএনপি।
বুধবার কুড়িগ্রামে এক দিনের সফরের শুরুতে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ২০২৭ সালের জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হয়ে ৬ জুনের মধ্যে শেষ হবে। নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্থানীয় প্রশাসনকে নির্বাচন সুষ্ঠু করতে সহযোগিতা করা হবে এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা দেওয়া হবে।
বিরোধী দলের সমালোচনা প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, গণতন্ত্রে বিরোধী দল সরকারের ওপর বিভিন্ন বিষয়ে দায় চাপাবে—এটাই স্বাভাবিক। তবে সরকার কোথায় ব্যর্থ, তা জনগণই বিবেচনা করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।
কুড়িগ্রামে সার সংকট প্রসঙ্গে তিনি দাবি করেন, বিএনপিকে জনগণের কাছে হেয় করতে রাজনৈতিকভাবে সার সংকট নিয়ে আন্দোলন করা হয়েছে।
জ্বালানি সংকট নিয়ে প্রতিমন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে সংকট কিছুটা কমেছে। তবে পূর্ণাঙ্গ সমাধানের জন্য আরও সময় প্রয়োজন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮