সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি,
নদীর বুকজুড়ে পাশাপাশি দুটি কাঠের সেতু। ফুলে সাজানো প্রবেশপথ, রঙিন কাপড়ের বর্ণিল আয়োজন আর শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর উদ্বোধনী অনুষ্ঠান। দীর্ঘদিনের নদী পারাপারের দুর্ভোগ কাটিয়ে নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর বুকে তৈরি হয়েছে যোগাযোগের নতুন এক পথ। সেতু দুটি চালু হওয়ায় স্বস্তি ফিরেছে নদীর দুই পাড়ের হাজারো মানুষের মধ্যে।
রবিবার (১৫ নভেম্বর) বিকেলে দুর্গাপুরের তেরিবাজার থেকে শিবগঞ্জ ঘাট পর্যন্ত নির্মিত প্রায় ৬০০ ফুট দীর্ঘ দুটি বাঁশ-কাঠের সেতু আনুষ্ঠানিকভাবে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। ব্যতিক্রমী বিষয় হলো, স্থানীয় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্বোধন করা হয় সেতু দুটি।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় নির্মিত এ সেতু দুটি স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পর্যটকদের যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় এক মাস ধরে সেতু দুটির নির্মাণকাজ চলে। এতে প্রতিদিন ২৭ থেকে ২৮ জন শ্রমিকের পাশাপাশি স্বেচ্ছাশ্রমে অংশ নেন স্থানীয় অনেকে। দুটি সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৪ লাখ টাকা। প্রতিটি সেতুর দৈর্ঘ্য প্রায় ৬০০ ফুট। এর মধ্যে একটির প্রস্থ ৮ ফুট এবং অন্যটির প্রস্থ ৬ ফুট।
সেতু দুটি দিয়ে পায়ে হেঁটে চলাচলের পাশাপাশি সাইকেল ও রিকশা চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। এমনকি জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স চলাচলের উপযোগী করেও নির্মাণ করা হয়েছে সেতু। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এসব সুবিধা ভোগ করতে কোনো টোল দিতে হবে না।
সেতু দুটির আয়-ব্যয় ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনায় গঠন করা হয়েছে একটি পরিচালনা পরিষদ। এতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় সমাজসেবকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্মাণ ব্যয় বাদে অবশিষ্ট আয় ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, অসহায় রোগীদের চিকিৎসা এবং বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কাজে ব্যয় করার পরিকল্পনা রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, প্রায় আড়াই লাখ মানুষের বসবাস দুর্গাপুর উপজেলায়। পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা সোমেশ্বরী নদী পৌর শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে উপজেলার তিনটি ইউনিয়নকে কার্যত দুই ভাগে বিভক্ত করেছে। নদীর ওপারের কুল্লাগড়া, গাঁওকান্দিয়া ও বিরিশিরি এলাকার মানুষের উপজেলা শহরে যাতায়াতের অন্যতম মাধ্যম শিবগঞ্জ ফেরিঘাট।
প্রতিদিন এ ঘাট দিয়ে হাজারো মানুষ চলাচল করেন। বিশেষ করে বর্ষা মৌসুমে নৌকায় ঝুঁকি নিয়ে নদী পারাপার এবং শুষ্ক মৌসুমে বিস্তীর্ণ বালুচর পেরিয়ে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হতো সাধারণ মানুষকে। অনেক সময় হাঁটুপানি মাড়িয়ে নৌকায় উঠতে হতো যাত্রীদের। এতে সময় ও শ্রমের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও ছিল।
নতুন সেতু দুটি চালু হওয়ায় দীর্ঘদিনের সেই ভোগান্তি অনেকটাই কমবে বলে প্রত্যাশা স্থানীয়দের।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া স্কুলছাত্রী আরাধ্য রায় বলেন, নদীর ওপর সেতু না থাকায় প্রতিদিন স্কুলে যাতায়াত করতে অনেক কষ্ট হতো। ব্যারিস্টার কায়সার কামাল স্যার কাঠের সেতু নির্মাণ করে আমাদের চলাচলের সুবিধা করে দিয়েছেন। এ জন্য আমরা কৃতজ্ঞ। তবে আমাদের দাবি, সোমেশ্বরী নদীর ওপর দ্রুত একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ করা হোক।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আলহামদুলিল্লাহ, দীর্ঘ ও দুই লেনবিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করেছে শিক্ষার্থীরা। এ সেতু দুর্গাপুরের সাধারণ মানুষের সম্পদ। এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও সবার। এলাকার উন্নয়ন ও মানবিক দুর্গাপুর গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, সোমেশ্বরী নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণের প্রকল্পের কাজ এগিয়ে চলছে। আশা করা হচ্ছে, ২০২৯ সালের মধ্যে স্থায়ী সেতুটির নির্মাণকাজ সম্পন্ন হবে।
স্থানীয়দের প্রত্যাশা, অস্থায়ী এই কাঠের সেতু আপাতত দুর্ভোগ কমালেও সোমেশ্বরীর বুকে একটি স্থায়ী পাকা সেতুই হবে দুর্গাপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের চূড়ান্ত সমাধান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮