এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. সেলিম সরকার। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একটি অসাধু চক্র তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে সোনারগাঁয়ের নয়াপুর বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেলিম সরকার।
তিনি সাদীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি, সোনারগাঁ উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক নির্বাহী সদস্য।
সংবাদ সম্মেলনে সেলিম সরকার বলেন, তিনি কারও কাছে চাঁদা দাবি করেননি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় একটি অসাধু চক্র তাঁর বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে বলে তিনি মনে করেন। তিনি সব সময় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলেও জানান। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
এদিকে, স্থানীয় বাজারের কয়েকজন ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, তাঁরা প্রায় ৩০ বছর ধরে ওই বাজারে ব্যবসা করে আসছেন। তাঁদের দাবি, এ দীর্ঘ সময়ে সেলিম সরকার কখনো তাঁদের কাছে চাঁদা দাবি করেননি। তাঁদের ভাষ্য, বিপদে-আপদে সেলিম সরকার স্থানীয়দের পাশে দাঁড়ান এবং বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করেন। এ কারণে এলাকায় তিনি একজন সহযোগিতাপরায়ণ ব্যক্তি হিসেবে পরিচিত বলে জানান তাঁরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮