
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হওয়ার আগে স্পেনের বল দখলভিত্তিক ফুটবলকে গুরুত্ব দিলেও তাতে ভীত নন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। তার বিশ্বাস, পজেশন ও আক্রমণ—দুই ক্ষেত্রেই সমানতালে লড়াই করতে সক্ষম তার দল।
মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় টেক্সাসের ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দেশম বলেন, “স্পেন বল নিয়ন্ত্রণে খুবই দক্ষ। তবে আমাদেরও দ্রুত কাউন্টার অ্যাটাক, পজেশন ধরে রাখা এবং রক্ষণে ভালো করার সামর্থ্য রয়েছে। ম্যাচের গতিপ্রকৃতিই সবকিছু নির্ধারণ করবে।”
সেমিফাইনালের আগে ফ্রান্স শিবিরে কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছিল অধিনায়ক কিলিয়ান এমবাপেকে অনুশীলনে না দেখে। তবে দেশম জানান, মরক্কোর বিপক্ষে ম্যাচে পাওয়া হালকা অ্যাঙ্কেলের চোটের কারণে তাকে অনুশীলনে কিছুটা ছাড় দেওয়া হয়েছিল।
তিনি বলেন, “কিলিয়ান ঠিক আছে। সে অনুশীলন করেছে। ২০ মিনিটের পরিবর্তে তাকে ১০ মিনিটের ড্রিল করার অনুমতি দেওয়া হয়েছিল।”
ফ্রান্সের জন্য আরও স্বস্তির খবর, মিডফিল্ডার অরেলিয়েঁ চুয়ামেনি দলে ফিরতে প্রস্তুত। যদিও তিনি এখনও পুরোপুরি ফিট নন।
দেশম বলেন, “গত ম্যাচে তাকে খেলানো অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছিল। এখন সে আগের চেয়ে ভালো অবস্থায় আছে। পুরোপুরি ফিট না হলেও খেলতে পারবে। দুই সপ্তাহ ধরে ম্যাচ না খেললেও সেটি তাকে বাইরে রাখার মতো কারণ নয়।”
চুয়ামেনির প্রত্যাবর্তনে ফ্রান্সের মাঝমাঠ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন দেশম। স্পেনের হাই প্রেসিং সামাল দিতে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
২০২৪ ইউরো ও ২০২৫ নেশন্স লিগের সেমিফাইনালে স্পেনের কাছে হারের প্রসঙ্গ উঠলে দেশম বলেন, অতীতের ফলাফল বর্তমান ম্যাচে খুব বেশি প্রভাব ফেলবে না।
“সেই সময় দুই দলের পারফরম্যান্সই পার্থক্য গড়ে দিয়েছিল। এখন খেলোয়াড়, ফর্ম এবং পরিস্থিতি—সবই ভিন্ন। স্পেন তখন ভালো খেলেছে, তাই তারা জিতেছে। কিন্তু এখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আগামীকালের ম্যাচ,” বলেন ফরাসি কোচ।
উল্লেখ্য, গোল্ডেন বুটের দৌড়ে যৌথভাবে সর্বোচ্চ ৮ গোল নিয়ে থাকা কিলিয়ান এমবাপে সেমিফাইনালে শুরু থেকেই মাঠে নামবেন বলেই নিশ্চিত করেছে ফ্রান্স শিবির।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮