রাশেদ আহমেদ, মৌলভীবাজারে প্রতিনিধি,
সেনাবাহিনীর সদস্য পরিচয়ে নারী উদ্যোক্তা মেলার স্টল মালিক ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত নারী উদ্যোক্তা মেলা থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ইমরান আহমেদ ও মাসুম আহমদ।
পুলিশ জানায়, তাঁরা নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে মেলার বিভিন্ন স্টলে গিয়ে আইডি কার্ড ও ওয়াকিটকি দেখান এবং ব্যবসায়ীদের কাছে টাকা দাবি করেন। টাকা না দিলে গ্রেপ্তার ও হয়রানির ভয় দেখানোর অভিযোগও রয়েছে।
পরে বিষয়টি সন্দেহ হলে মেলায় উপস্থিত ব্যবসায়ী ও দর্শনার্থীরা তাঁদের আটক করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে দুজনকে হেফাজতে নেয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি BAOFENG ওয়াকিটকি, সেনাবাহিনীর পোশাকের অনুরূপ একটি প্যান্ট ও টি-শার্ট, আইডি কার্ডের তিনটি ছবি এবং তিনটি মুঠোফোন জব্দ করা হয়। তাঁদের সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির বিষয়টি জানা গেছে। মেলা আয়োজক কমিটির সদস্য নাহিদ আহমেদের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮