নিজস্ব প্রতিবেদক,
সুন্দরবনের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের পৃথক তিনটি এলাকা থেকে ১৫ জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে বনদস্যুদের বিরুদ্ধে। এ সময় একটি ফিশিং ট্রলারও নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভাঙ্গা, আমবাড়িয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় জেলেদের বহরে হামলা চালিয়ে প্রতি নৌকা থেকে একজন করে ১৫ জেলেকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছে বন বিভাগ।
দুবলা টহল ফাঁড়ির ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা জেলেদের একটি ট্রলারে করে নিয়ে গেছে। অপহৃতদের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে, অপর পাঁচজনের নাম জানা যায়নি।
বন বিভাগের পাস নিয়ে এসব জেলে সুন্দরবনের খালে মাছ ধরছিলেন। ঘটনায় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃতদের উদ্ধারে দ্রুত অভিযান চালানোর দাবি জানিয়েছেন মৎস্যজীবীরা।
তবে কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জেলে অপহরণের খবর তারা এখনও পাননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮