মোঃ আবুল কালাম, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি,
সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্সের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার।
সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা তাঁদের কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয়তা ও সুপারিশ তুলে ধরেন। পুলিশ সুপার সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি, অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গৃহীত বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলে বিশেষ সাফল্য অর্জনকারী চৌকস পুলিশ কর্মকর্তাদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
এরই ধারাবাহিকতায় জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলামকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। তাঁর এ অর্জনে ধর্মপাশা থানা পুলিশের সাফল্যের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো. হুমায়ুন কবির, পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মো. রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) এস এম ফজলে রাব্বি রাজিবসহ জেলার সব থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।
এ বিষয়ে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “এসআই শরীফুলের কৃতিত্বে আমি গর্বিত। আমার অবস্থান থেকে চেষ্টা করেছি, তিনি যেন তাঁর প্রাপ্য স্বীকৃতি পান। এ জন্য আমার পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সেই সঙ্গে ধর্মপাশা থানার সবাই তাঁকে নিয়ে গর্বিত।”
এসআই শরীফুল ইসলামের এ অর্জনে ধর্মপাশা থানা পুলিশের সদস্যদের মধ্যেও আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮