দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
দেশীয় স্পিনিং মিল টিকিয়ে রাখতে সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা আদেশ বহাল রাখার দাবি জানিয়েছেন এ খাতের শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সালমা গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আজহার আলী।
তিনি বলেন, ১০-৩০ কাউন্ট কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তে দেশীয় টেক্সটাইল ও স্পিনিং খাত উপকৃত হচ্ছে। এতে স্থানীয় সুতার চাহিদা বাড়বে, বন্ধ ও আংশিক বন্ধ মিলগুলো সচল হওয়ার পাশাপাশি কর্মসংস্থান ও ব্যাংক বিনিয়োগের সুযোগ বাড়বে।
আজহার আলী জানান, দেশে বর্তমানে ৫৩০টি স্পিনিং মিল রয়েছে। এর মধ্যে ২০১৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন কারণে ১১৭টি মিল পুরোপুরি বা আংশিক বন্ধ হয়েছে। বর্তমানে ৪১৩টি মিল চালু রয়েছে। একই সময়ে ১০-৩০ কাউন্ট কটন সুতা আমদানি ২০২২-২৩ অর্থবছরের ২১ দশমিক ৬ কোটি কেজি থেকে ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে ৪৬ কোটি কেজিতে দাঁড়িয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, স্পিনিং খাতে প্রায় ৩২ বিলিয়ন ডলার বিনিয়োগ এবং সরাসরি প্রায় ৩০ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে। বন্ড সুবিধা বাতিলের আদেশ প্রত্যাহার হলে কারখানা বন্ধ ও কর্মসংস্থান হারানোর পাশাপাশি খেলাপি ঋণ বাড়ার আশঙ্কা রয়েছে।
এ সময় চার দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে—এনবিআরের আদেশ বহাল রাখা, শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা, দীর্ঘমেয়াদি সমন্বিত টেক্সটাইল-আরএমজি নীতি গ্রহণ এবং রিসাইকেল ও টেকসই পণ্যের উৎপাদনে অতিরিক্ত ৫ শতাংশ প্রণোদনা দেওয়া।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮