শওকত আলম, কক্সবাজার,
কক্সবাজারের সুগন্ধা সৈকত এলাকা থেকে চট্টগ্রামের চান্দগাঁও থানার চাঞ্চল্যকর মাদক ও হত্যাচেষ্টা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং একাধিক মামলার পলাতক আসামি মো. মহিউদ্দিন শরীফ (২৬)কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫, কক্সবাজার ও এসআরবি-৭, চট্টগ্রামের যৌথ আভিযানিক দল।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) রাত ১২টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার পৌরসভার সুগন্ধা বীচ সংলগ্ন কাসুন্দি হোটেল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৫, কক্সবাজার ও এসআরবি-৭, চট্টগ্রামের একটি চৌকস যৌথ আভিযানিক দল সুগন্ধা বীচ এলাকায় অবস্থান নেয়। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কাসুন্দি হোটেল এলাকা থেকে বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহিউদ্দিন শরীফকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মহিউদ্দিন শরীফ চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন মোহরা এলাকার (মৌলভীবাজার, ৯ নম্বর পুল, মধ্যম মোহরা, ভোলা খলিফার বাড়ি) মৃত নাছেরের ছেলে।
এসআরবি জানায়, তার বিরুদ্ধে বন্দরনগরী চট্টগ্রামের চান্দগাঁও থানায় মাদক ব্যবসা, পুলিশের ওপর আক্রমণ, ভাঙচুর ও হত্যাচেষ্টাসহ একাধিক গুরুতর অপরাধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানিয়েছে, অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮