চঞ্চল,
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে এই অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার বিকেলে এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠায় ১৫ বিজিবি।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রামখানা বিওপি’র আওতাধীন কুটি নামক স্থান দিয়ে চোরাকারবারীরা মাদক পাচার করবে এমন গোপন সংবাদ পায় বিজিবি। এই তথ্যের ওপর ভিত্তি করে ১৫ বিজিবি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ২৫ কেজি গাঁজা মাটির নিচে লুকিয়ে রাখে।
পরে সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে ওই পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৮৭ হাজার ৫০০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি, বলেন, "দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত। মাদক পাচার রোধে সীমান্তে আমাদের গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।"
মাদক সংশ্লিষ্ট চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে। এছাড়া, বিজিবির পক্ষ থেকে মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেওয়া হয়েছে ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮