শেখ জাবেদ আহমদ, সিলেট মহানগর প্রতিনিধি,
দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্যাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় জেলা প্রশাসক বলেন, প্রবীণরা অবসর নিলেও সমাজ ও দেশের প্রতি তাদের অবদান শেষ হয় না। তাদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগানোর পাশাপাশি মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, প্রবীণদের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ তৈরিতে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রবীণদের জন্য একটি নিবাস স্থাপনের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রবীণ, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে গত ২৯ সেপ্টেম্বর সিলেটের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে প্রবীণদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮