তৌহিদুল ইসলাম চঞ্চল,
লালমনিরহাটে তামাকের ন্যায্য মূল্য নির্ধারণ ও বিক্রয় প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে একটি স্বার্থান্বেষী ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে 'লালমনিরহাট জেলা তামাক চাষী সমিতি'। স্থানীয় রাসেল নামের এক রিকশাচালকের ছেলের নেতৃত্বে এই সিন্ডিকেটটি তামাক কোম্পানিগুলোর সাথে আঁতাত করে প্রকৃত চাষীদের তামাক কেনা বন্ধ করে দিয়েছে, যার ফলে মাঠপর্যায়ের সাধারণ কৃষকেরা চরম লোকসান ও ন্যায্য দাম প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন।
আজ বুধবার (২০ মে) লালমনিরহাট জেলা তামাক চাষী সমিতির সাপ্টিবাড়িস্থ কার্যালয়ে আয়োজিত এক যৌথ বিবৃতিতে সমিতির সভাপতি মোঃ মোনায়েম সিদ্দিকী মিলন এবং সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমানসহ শীর্ষ নেতৃবৃন্দ এই ক্ষোভ ও প্রতিবাদ জানান।
লিখিত বিবৃতিতে চাষী সমিতির নেতৃবৃন্দ জানান, তামাক বিক্রয় প্রক্রিয়াকে সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিতে এবং মধ্যস্বত্বভোগী হিসেবে সুবিধা লোটার জন্য একটি চক্র তামাক বিক্রি প্রক্রিয়ায় অবৈধ সিন্ডিকেট গঠনের অপচেষ্টা চালাচ্ছে। ইতিপূর্বে লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে তামাক চাষী ও তামাক ক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের নিয়ে কয়েকটি সফল বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে চাষীদের পক্ষ থেকে ২২ দফা দাবি উত্থাপন করা হয়। প্রশাসনের হস্তক্ষেপে বেশ কিছু দাবি পূরণ হলেও বর্তমান বাস্তবতাকে পুঁজি করে সিন্ডিকেট চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে কৃষকদের ন্যায্য প্রাপ্তি থেকে দূরে রাখার চেষ্টা করছে।
তামাক চাষী সমিতির সভাপতি মোঃ মোনায়েম সিদ্দিকী মিলন বলেন, "যারা অতীতে আমাদের পাশে ছিল না, তারাই এখন ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে।"
এই সিন্ডিকেট ভেঙে প্রকৃত চাষীদের তামাক বিক্রির নিশ্চয়তা এবং সিন্ডিকেটমুক্ত বাজার গঠনে জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন জেলার হাজার হাজার তামাক চাষী।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮